জাতীয়

সিলেটের ফয়সল মাহমুদসহ পুলিশের ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ · রাত ১:০৪ · ১৭৫ ভিউ

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই তালিকায় রয়েছেন পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ও সিলেটের সন্তান ফয়সল মাহমুদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

বাধ্যতামূলক অবসরে পাঠানো অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদের স্থায়ী নিবাস সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়। তিনি সিলেট অঞ্চলে দীর্ঘ সময় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সিলেট মহানগর পুলিশে (এসএমপি) এডিসি এবং ডিসি (ট্রাফিক) হিসেবেও কর্মরত ছিলেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তবে অবসরে যাওয়া এই কর্মকর্তারা বিধি অনুযায়ী তাঁদের অবসরজনিত সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

ফয়সল মাহমুদ ছাড়াও এই তালিকায় থাকা উল্লেখযোগ্য কর্মকর্তারা হলেন—হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—সিআইডির মোহাম্মদ সরোয়ার হোসেন ও রেবেকা সুলতানা, ট্যুরিস্ট পুলিশের বিধান ত্রিপুরা ও সুলতানা নাজমা হোসেন, পুলিশ স্টাফ কলেজের ড. এ কে এম ইকবাল হোসেন, এপিবিএনের সহেলী ফেরদৌস, সারদার মোহাম্মদ তবারক উল্লাহ, পুলিশ টেলিকমের হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের কানিজ ফাতেমা, নৌ পুলিশের জেসমিন বেগম এবং ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন। এ ছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান এবং টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরীকে অবসরে পাঠানো হয়েছে।

সম্পর্কিত সংবাদ