মৌলভীবাজার

মৌলভীবাজারে দোকান কর্মচারী হত্যার প্রতিবাদে মানববন্ধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · রবিবার, ১৯ জুলাই ২০২৬ · ৮:০১ পিএম · ২০৫ ভিউ

মৌলভীবাজারে দোকান কর্মচারী আব্দুল আজিজকে পরিকল্পিতভাবে নৃশংস হত্যার ঘটনায় প্রধান আসামি নুরুল ইসলামসহ জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন শেষে বিশিষ্ট সমাজসেবক খছরুজ্জামান খছরুর সভাপতিত্বে এবং ব্যবসায়ী মাহতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন যুবদল নেতা তোফায়েল আহমদ, বিএনপি নেতা নেছার আহমদ, ইউপি সদস্য নূর মিয়া এবং নিহত আব্দুল আজিজের ভাই হাফিজ মাওলানা আব্দুল হাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, আব্দুল আজিজকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ বস্তাবন্দি করে গোপন করার চেষ্টা করা হয়। এ ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে সিলেটবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ৬ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় শুটকি দোকানের কর্মচারী আব্দুল আজিজের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের শামসুল ইসলামের ছেলে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

সম্পর্কিত সংবাদ