কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুনামগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারত থেকে কোন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা এখনো নিশ্চিত নয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এমনকি তিনি আগে থেকেই দেশে অবস্থান করছিলেন কি না, সেটিও তদন্তের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।
গত রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকার একটি রিসোর্টে সভা করেন আত্মগোপনে থাকা রনজিত সরকার। তাঁর প্রকাশ্যে এমন সভায় অংশ নেওয়ার বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছে।
রনজিত সরকার দাবি করেছেন, ভারতের মেঘালয় হয়ে দেশের সীমান্ত অতিক্রম করে গত রোববার সন্ধ্যায় তিনি ওই সভায় যোগ দেন। সভায় তাঁর নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।
এ বিষয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, রনজিত সরকার কীভাবে বাংলাদেশে এসেছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা বলা যাচ্ছে না।
তিনি বলেন, রনজিত সরকার সিলেটে সভা করেছেন বলেই যে তিনি সিলেট সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছেন, এমনটি নয়। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের জন্য অনেক সীমান্তপথ রয়েছে। তিনি কোন সীমান্ত দিয়ে এসেছেন, নাকি আগে থেকেই দেশে অবস্থান করছিলেন—তা তদন্তের আগে বলা সম্ভব নয়।
লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ আরও বলেন, রনজিত সরকার সিলেট সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন, এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাংলাদেশ-ভারত সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ১০০ কিলোমিটার। তিনি যেকোনো সীমান্ত দিয়েই প্রবেশ করতে পারেন। এ ঘটনায় পুলিশ দক্ষতার সঙ্গে তদন্ত করছে। তদন্তের মাধ্যমে শিগগিরই প্রকৃত তথ্য জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিজিবি অধিনায়ক।
সীমান্তে নাশকতার আশঙ্কা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের নাশকতা করা সহজ নয়। নাশকতার জন্য অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি প্রস্তুত রয়েছে। ভবিষ্যতে যাতে সীমান্তকেন্দ্রিক কোনো নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে, সে জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নাশকতা ও অস্ত্র চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে।
এর আগে জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি। এ সময় তাঁদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট, দুটি দা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সীমান্তে এ ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান অধিনায়ক।
