সিলেট

দুঃসময়ের পরীক্ষায় উত্তীর্ণ মাহবুব আলম, অপপ্রচারে ক্ষুব্ধ তৃণমূলের নেতাকর্মীরা

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ · রাত ৯:১৭ · ৮৬৫ ভিউ

রাজনীতিতে প্রকৃত নেতৃত্বের পরিচয় মেলে দুঃসময়ে। যখন প্রতিকূলতা, মামলা-হামলা ও দমন-পীড়নের মুখে অনেকেই পিছিয়ে যান, তখন যাঁরা দলের নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যান, তাঁরাই তৃণমূলের আস্থার জায়গা তৈরি করেন। গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম তেমনই একজন নেতা বলে মনে করেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও স্থানীয় নেতাকর্মীরা।

তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, মাহবুব আলমের রাজনৈতিক উত্থান কোনো আকস্মিক ঘটনা নয়। দীর্ঘদিনের শ্রম, ত্যাগ, সাংগঠনিক সম্পৃক্ততা ও প্রতিকূল সময়ে দলের পাশে থাকার মধ্য দিয়েই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। গোয়াইনঘাট বিএনপির কঠিন সময়ে উপজেলা সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যখন অনেকেই আগ্রহ দেখাননি, তখন ফতেপুর ইউনিয়নের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন মাহবুব আলম। নেতাকর্মীদের মতে, এটি তাঁর প্রতি তৃণমূলের আস্থা ও গ্রহণযোগ্যতারই প্রতিফলন।

আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে বিএনপির রাজনীতি যখন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছিল, তখন মাহবুব আলম ও তাঁর অনুসারীরা দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ নেতাকর্মীরা। তাঁদের বক্তব্য, ওই সময়ে তিনি শুধু রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি, বরং দুঃসময়ে নেতাকর্মীদের খোঁজখবর নেওয়া এবং তাঁদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছেন। প্রতিকূলতার মধ্যেও দলের প্রতি তাঁর অবস্থান ও দায়িত্ববোধ তাঁকে তৃণমূলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।

সম্প্রতি ৬ নম্বর ফতেপুর ইউনিয়নের রাতারগুল এলাকায় একটি রিসোর্টে সাবেক সংসদ সদস্য রণজিত সরকারের সমাবেশকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ওই ঘটনার পর গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমকে ঘিরেও নানা আলোচনা সামনে আসে। তাঁর সমর্থকদের অভিযোগ, রাতারগুল এলাকায় তাঁর বাড়ি হওয়া এবং স্থানীয় পরিচিতিকে কেন্দ্র করে একটি মহল তাঁকে বিতর্কিত করার চেষ্টা করছে। অথচ কোনো এলাকায় বাড়ি থাকা বা স্থানীয় পরিচিতির কারণে ওই এলাকার কোনো ঘটনার দায় কারও ওপর চাপানো যায় না। তাঁদের মতে, কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা উচিত।

সমর্থকদের দাবি, পর্যটন এলাকা রাতারগুলে প্রতিদিন গাড়িতে করে দেশ-বিদেশের অসংখ্য পর্যটক ভ্রমণে আসেন। তাঁরা সেখানে কী করছেন, তা দেখভাল করা কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্ব নয়। তাছাড়া রাতারগুলের ইতিহাসে এর আগে কখনো কোনো রাজনৈতিক সভা-সমাবেশ হয়নি এবং স্থানীয় লোকজনও সেখানে সাধারণত ঘুরতে যান না; বরং দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকেই পর্যটকরা বেড়াতে আসেন। এখন কেউ পর্যটক সেজে বা ঘুরতে এসে গোপনে কোনো কর্মসূচি পালন করলে, তার দায় কোনোভাবেই স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর বর্তায় না।

মাহবুব আলম দীর্ঘদিন ধরে সিলেট নগরীর বাগবাড়ী এলাকায় বসবাস করছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। তাঁদের দাবি, রাজনৈতিক পরিচয়ের বাইরে ব্যক্তিগত জীবনেও তিনি সাধারণ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। দলের দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, তাঁদের মূল্যায়ন ও সম্মান করা উচিত বলেও মনে করেন তাঁরা।

এদিকে, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ কেউ ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করেছেন—এমন অভিযোগও তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের প্রশ্ন, দলের কঠিন সময়ে যাঁরা মাঠে সক্রিয় ছিলেন, তাঁদের অবদান আড়াল করে এখন কেন তাঁদেরই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে?

গোয়াইনঘাট উপজেলা বিএনপির একাধিক নেতার ভাষ্য, মাহবুব আলম দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন। তাঁর রাজনৈতিক পথচলা ও সাংগঠনিক ভূমিকা গোয়াইনঘাটের নেতাকর্মীদের অজানা নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া অপপ্রচার বা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে একজন ত্যাগী নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করা উচিত নয়।

একাধিক বিএনপি নেতা জানান, মাহবুব আলমের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। সীমান্তবর্তী গোয়াইনঘাটে অতীতে ও বর্তমানে যাঁরা দলের নাম ভাঙিয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছিলেন, তাঁদের প্রশ্রয় না দেওয়ায় এই চক্রটি এখন তাঁর বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। নেতাদের অভিযোগ, যাঁরা এখন আন্দোলন বা বিরোধিতার নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাঁরা মূলত সুবিধাবাদী। তাঁরা আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হয়ে খোদ বিএনপির বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন।

নেতারা আরও বলেন, গোয়াইনঘাট বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হলে তৃণমূলের ঐক্য ধরে রাখা জরুরি। অতীতের ত্যাগ ও অবদানকে সম্মান জানিয়ে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সংগঠনকে এগিয়ে নিতে হবে। ব্যক্তিগত স্বার্থ কিংবা রাজনৈতিক বিরোধের কারণে দলের পরীক্ষিত নেতাদের মনোবল ভেঙে দেওয়া হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো সংগঠন।

মাহবুব আলমের সমর্থকদের প্রত্যাশা, রাতারগুলের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের বাইরে এসে তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত বিষয়টি বিবেচনা করা হবে এবং দুঃসময়ে দলের পাশে থাকা একজন পরীক্ষিত নেতার সাংগঠনিক অভিজ্ঞতা ও নেতৃত্বকে কাজে লাগিয়ে গোয়াইনঘাট বিএনপিকে আরও সুসংগঠিত করা হবে।

সম্পর্কিত সংবাদ