সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে অবস্থিত ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সভাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে। ঘটনার পর রিসোর্টটিতে রাতভর অভিযান চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় দুই দিনে রিসোর্ট কর্মীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের মোট ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে এক আইনজীবী রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্টটি ভাড়া নেন। সেখানে শুরুতে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে হঠাৎ উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত সরকার। তিনি দলীয় ব্যানার টাঙিয়ে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
গত সোমবার (৯ নভেম্বর) বিকেলে রণজিত সরকার তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ওই সভার ভিডিও প্রকাশ করলে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা পর ওই দিন দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় তাঁর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ছাড়া ভিডিওর সূত্র ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।
এদিকে, ঘটনার জেরে বুধবার (১১ নভেম্বর) ভোররাত ৩টার দিকে রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে অভিযান চালায় গোয়াইনঘাট থানা পুলিশ। অভিযানে দুই রিসোর্ট কর্মীসহ চারজনকে আটক করা হয়। রিসোর্টের মালিক সোহেল আহমদ আত্মগোপনে থাকায় রিসোর্টটি বন্ধ করে তালা লাগিয়ে গ্রাম পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ১১ নভেম্বর পুলিশ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৭৫ জনসহ মোট ১৯৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।
মামলার ধারাবাহিকতায় বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সর্বশেষ গ্রেফতারকৃতরা হলেন—গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০), উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমদ (৪২), উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২) এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাওতাল (৪০)।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, সোহেল স্কয়ার রিসোর্টে নিষিদ্ধ আওয়ামী লীগের সভার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
