সিলেট

রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তি, জৈন্তাপুরে ফেরিওয়ালার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ · বিকেল ৫:৫৩ · ১৭৮ ভিউ

সিলেট নগরীর রেলওয়ে স্টেশন এলাকা ও জৈন্তাপুরের তৈয়ব আলী ডিগ্রি কলেজসংলগ্ন এলাকা থেকে রোববার (২৫ অক্টোবর) আলাদা ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্টেশনের পাশে পাওয়া ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। জৈন্তাপুরে মারা যাওয়া ব্যক্তি কিশোরগঞ্জের বাজিতপুরের ফেরিওয়ালা নুরুল হোসেন।

রোববার সকালে সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং সংলগ্ন আইল্যান্ডে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরা পুলিশকে খবর দিলে সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। তাঁর কাছে কোনো কাগজপত্র বা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তাঁর ধারণা, মৃত ব্যক্তি ভবঘুরে ছিলেন।

এর কিছুক্ষণ পর দুপুর সোয়া ১টার দিকে জৈন্তাপুর মডেল থানার পুলিশ তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশের এলাকা থেকে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম নুরুল হোসেন। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনি স্যান্ডেল বিক্রি করতেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় থাকতে হবে। বর্তমানে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সম্পর্কিত সংবাদ