সুনামগঞ্জ

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রী হত্যা: যুবকের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৬:১৪ · ১৭২ ভিউ

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মরদেহ গুমের চেষ্টার অপরাধে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন।

আদালতের আদেশে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। হাইকোর্টের অনুমোদন না পাওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা যাবে না। এ সময় আসামিকে কারাগারের নির্ধারিত সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, দণ্ডিত জিতেশ চন্দ্র গোপের বাবার নাম যাদব চন্দ্র গোপ এবং মায়ের নাম অনিতা রানি গোপ। তার স্থায়ী ঠিকানা কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি মার্কেটে অবস্থান করতেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে হত্যা ও মরদেহ গুমের চেষ্টার অভিযোগে মামলা করা হয়।

পরবর্তীতে মামলার বিচারিক কার্যক্রম শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত জিতেশ চন্দ্র গোপকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড এবং মরদেহ গুমের চেষ্টার অপরাধে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রায়ের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিচারিক ও কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সম্পর্কিত সংবাদ