কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েন বিক্রির নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মৌলভীবাজারে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা।
পুলিশ জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইলিয়াছুর রহমান, মো. ইকরাম মিয়া, তাহেরুল ইসলাম আখতারুজ্জামান ও ইব্রাহিম বেপারিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে দুজন মৌলভীবাজারের রাজনগর ও শ্রীমঙ্গলের বাসিন্দা এবং অপর দুজনের একজন ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে কথিত ২০০ কোটি টাকা মূল্যের একটি অ্যান্টিক কয়েন, ‘প্রেস’ লেখা একটি নোহা গাড়ি, আটটি মোবাইল ফোন, ভুয়া বিজনেস এগ্রিমেন্ট, চেকবই, সিমকার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা বলেন, চক্রটি বিদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দিয়ে মূল্যবান ধাতব বস্তু ও প্রাচীন কয়েনের ব্যবসার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করত।
পুলিশের তথ্যমতে, রাজনগরের এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ২ কোটি ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০২৪ সালে কুলাউড়া থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
