আন্তর্জাতিক

সিডনিতে মুসলিম কবরস্থানে ভাঙচুর, ক্ষতবিক্ষত সমাধি দেখে ক্ষুব্ধ স্বজনরা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ · সন্ধ্যা ৭:৫৬ · ১৫৫ ভিউ

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিডনির নারেলানে একটি মুসলিম কবরস্থানে বেশ কয়েকটি সমাধির স্মৃতিফলক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত ৩০ সেপ্টেম্বর আল নূর ইসলামিক কবরস্থানে ক্ষতিগ্রস্ত কবরগুলো নজরে আসার পর ঘটনাটি তদন্তে নামে নিউ সাউথ ওয়েলস পুলিশ।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় মুসলিমদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্বজনদের অনেকেই কবরস্থানে গিয়ে তাঁদের প্রিয়জনের সমাধি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন ঘটনার নিন্দা জানিয়েছে। সংগঠনটি বলেছে, ক্ষতিগ্রস্ত কবরগুলোতে মুসলিম সম্প্রদায়ের মা-বাবা, সন্তান ও প্রবীণ স্বজনেরা শায়িত আছেন। সমাধিতে এমন হামলা মৃতদের প্রতি অসম্মানের পাশাপাশি স্বজনদের জন্যও অত্যন্ত বেদনাদায়ক।

সংগঠনটির সেক্রেটারি গামেল খেইর বলেন, জীবিত মানুষের মতো মৃতদের মর্যাদাও রক্ষা করা প্রয়োজন। স্বজন হারানো পরিবারের কাছে কবর আবেগ ও স্মৃতির গুরুত্বপূর্ণ স্থান। সেখানে এমন ঘটনা তাঁদের শোককে আরও গভীর করে।

লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন জানিয়েছে, আল নূর ইসলামিক কবরস্থানে এর আগেও মুসলিমদের অনুভূতিতে আঘাত দেওয়ার ঘটনা ঘটেছে। সংগঠনটির দাবি, এর আগে সেখানে মুসলিম কবরের ওপর শূকরের মাথা ও দেহাবশেষ ফেলে যাওয়ার ঘটনা ঘটেছিল।

নতুন করে সমাধিফলক ভাঙচুরের ঘটনায় কবরস্থানের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। ক্ষতিগ্রস্ত সমাধিগুলো সংস্কারের পাশাপাশি নিরাপত্তা জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। নজরদারি ক্যামেরা স্থাপনসহ অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।

এ কাজে নিউ সাউথ ওয়েলসের মাল্টিকালচারালিজম বিষয়ক মন্ত্রী স্টিভ ক্যাম্পার ও মাল্টিকালচারাল এনএসডব্লিউ সহযোগিতা করছে বলে জানানো হয়েছে।

ঘটনার নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়ান ফেডারেশন অব ইসলামিক কাউন্সিলসও। ধর্মীয় বিদ্বেষ ও বর্ণবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে কবর ভাঙচুরে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মুসলিম সংগঠনগুলো।

নিউ সাউথ ওয়েলস পুলিশ ঘটনাটির তদন্ত চালিয়ে যাচ্ছে।

সম্পর্কিত সংবাদ