মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৪ বছর বয়সী এক গৃহপরিচারিকাকে অপহরণের পর আটকে রেখে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভার উকিল বাড়ি রোডের একটি বাসায় গৃহপরিচারিকার কাজ শেষে বাড়ি ফিরছিল ওই কিশোরী। এ সময় একটি সিএনজি অটোরিকশায় করে এসে পথরোধ করে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে তাকে উপজেলার ইছবপুর এলাকায় দুলাল মিয়ার ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে রাতভর একাধিক ব্যক্তি ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরদিন সকালে কিশোরীকে শ্রীমঙ্গল রেলস্টেশনে ফেলে অভিযুক্তরা চলে যায় বলে অভিযোগ রয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার পর বুধবার অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামি দুলাল মিয়া, জুয়েল মিয়া ওরফে সোহেল এবং আল আমিন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, মামলাটির তদন্তের দায়িত্ব থানার পরিদর্শক মো. আবদুর রাজ্জাককে দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।
