মৌলভীবাজার

সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, ওয়াকিটকি-পোশাকসহ দুইজন গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:২৯ · ১৫৬ ভিউ

মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সামছুদ্দিন মিয়ার ছেলে ইমরান আহমেদ (২০) এবং বিলাল মিয়ার ছেলে মাসুম আহমদ (১৯)।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি BAOFENG ব্র্যান্ডের ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ একটি প্যান্ট ও একটি টি-শার্ট, আইডি কার্ডের তিনটি ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ইমরান ও মাসুমসহ চারজন মৌলভীবাজার পৌরসভা এলাকার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করেন। তারা বিভিন্ন স্টলে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। এ সময় সঙ্গে থাকা আইডি কার্ড ও ওয়াকিটকি দেখানোর পাশাপাশি মোবাইল ফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি, আইডি কার্ড ও ওয়াকিটকির ছবি মেলার স্টল মালিক, দোকানদার ও কর্মচারীদের দেখান।

একপর্যায়ে তারা বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীর কাছে চাঁদা হিসেবে নগদ টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়। চাঁদা না দিলে গ্রেপ্তার ও হয়রানির ভয়ভীতি দেখানোরও অভিযোগ রয়েছে।

বিষয়টি সন্দেহ হলে মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীরা দুইজনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা অপর দুই সহযোগী কৌশলে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে হেফাজতে নেয় এবং তাদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করে।

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেলায় অবস্থানরত ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করেছে বলে জানা গেছে। তাদের কাছ থেকে ওয়াকিটকি, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ পোশাকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের পর নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অপর ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলছে।

সম্পর্কিত সংবাদ