সুনামগঞ্জ

ছাতকে রাস্তা নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত শতাধিক

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ · সন্ধ্যা ৭:১১ · ১৮১ ভিউ

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের চাঁনপুর গ্রামে কাপনা নদীর ওপর বাঁধ নির্মাণ করে রাস্তা তৈরিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁনপুর গ্রামের বাসিন্দা আব্দুল মালিকের ছেলে সাবেক ইউপি সদস্য কমর উদ্দিন এবং মশক আলীর ছেলে রুশমত আলীর পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে এক পক্ষ চাঁনপুর গ্রামের কাপনা নদীতে বাঁধ নির্মাণ করে রাস্তা তৈরির উদ্যোগ নিলে অপর পক্ষ এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহতদের মধ্যে রবি আলী (৫৫), জালু মিয়া (৫০), ইসলাম উদ্দিন (৫৫), মুজিবুর রহমান (৫০), ময়নুল হক (২৭), আব্দুল আজিজ (২৮), ইকবাল হোসেন (৩১), নজরুল হক (২৬), তোফাজ্জল হোসেন (৪০), আবুল বশর (৪৫), তোফায়েল আহমেদ (২২), সুয়েব আহমদ (২৬), এমদাদুল ইসলাম (১৮), রাজ উদ্দিন (৩৫), আঙ্গুর আলম (২৫), সাজু উদ্দিন (৩৫), মুজাম্মিল আলী (৩৫), হেলাল মিয়া (৪০), তারিছ মিয়া (৪৪), ফারুক মিয়া (৫০) ও সৈয়দ আহমদ (৫০) রয়েছেন।

গুরুতর আহত ৩০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত সংবাদ