সিলেট

যৌথ হামলায় সীমান্তে গুলির লড়াই, পলাতক আসামিকে খুঁজছে পুলিশ

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৮:৪৭ · ১৮৩ ভিউ

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অবৈধভাবে ভারতে মানব পাচারের অভিযোগে জাফলং সীমান্তের শীর্ষ মানব পাচারকারী শাহেদ আহমদ লিটন ওরফে বাবলা লিটনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত (২২সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের নলজুড়ী এলাকার খাসিয়া হাওড় সীমান্তে বাবলা লিটনের নেতৃত্বে ১০-১৫ জনের নারীকে পাচার চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিবর্ষণের ঘটনা ঘটে।

গোয়াইনঘাট থানায় বিজিবির দায়েরকৃত মামলার সূত্রে জানাযায়, গত (২২সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩ঘটিকার দিকে পূর্ব জাফলং ইউনিয়নের নলজুড়ী এলাকার খাসিয়া হাওড় সংলগ্ন মেইন পিলার ১২৭৮/৪-এস-এর মাঝামাঝি ভারতীয় অংশে ফায়ারিংয়ের ঘটনা ঘটে। পরে তাৎক্ষণিক বিজিবির টহলদল ঘটনাস্থলে যায়। মামলার এজাহারে অভিযোগ করা হয়,স্থানীয় শীর্ষ মানবপাচারকারী বাবলা লিটনসহ ৭/৮ জন বাংলাদেশি পাসপোর্ট ও ভিসা ছাড়া সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের চ্যালেঞ্জ করলে বাবলা লিটনসহ তার সহযোগীরা বিএসএফ সদস্যদের লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেন। এতে কয়েকজন বিএসএফ সদস্য আহত হলে আত্মরক্ষার্থে তারা ৪ রাউন্ড গুলি ছুড়ে। এতে বাবলা লিটন গুরুতর আহত হন বলে এজাহারে উল্লেখ করে বিজিবি।

অভিযোগ অনুযায়ী, বাবলা লিটন আহত হওয়ার পর সঙ্গে থাকা অন্যান্যরা আবারও বিএসএফ সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা বিজিবি সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেন এবং পাথর নিক্ষেপ করেন। এতে বিজিবির কয়েকজন সদস্য আহত হন।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিজিবির একশন শুরু হলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় তামাবিল সীমান্ত ফাঁড়ির বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ গোলাম মোস্তফা বাদী হয়ে বাবলা লিটনকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে কথা হলে বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ গোলাম মোস্তফা জানান,তামাবিল খাসিয়াহাওর সীমান্ত দিয়ে বিজিবির চোখ ফাঁকি দিয়ে প্রতিরাতে অবৈধভাবে ভারতে মানব পাচার করে বাবলা লিটনসহ একটি প্রতারক চক্র। ঘটনার সময়ও অনুরূপভাবে ভারতে মানব পাচারের চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা বাঁধা দিলে তারা বিএসএফের উপর হামলা করে, এসময় বিএসএফ সদস্যরা বাধ্য হয়ে গুলি ছুড়ে।

এতে শীর্ষ মানব পাচারকারী বাবলা লিটন গুরুতর আহতসহ তার সহযোগীরাও আহত হয়। ঘটনার পর সেখান থেকে পালিয়ে গিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছে। সরকারি সকল হাসপাতালে খোজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি,তবে তাকে গ্রেফতারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক মোড়ল জানিয়েছেন মানব পাচার চেষ্টা ও বিএসএফের উপর হামলার ঘটনায় বিজিবির তরফে একটি মামলা দায়ের করা হয়েছে, পলাতক শীর্ষ মানব পাচারকারী বাবলা লিটনকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সম্পর্কিত সংবাদ