সিলেট

গোয়াইনঘাটের দুই হাওরে অভিযান: ড্রেজার লিস্টার মেশিন ধ্বংস, জরিমানা

রাজু বিশ্বাস দুর্জয়
রাজু বিশ্বাস দুর্জয়
গোয়াইনঘাট প্রতিনিধি · বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ · রাত ১০:০৯ · ২২৬ ভিউ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বালির হাওর ও বুধিগাঁও হাওরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) টানা ৫ ঘণ্টার এই অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জনকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।

প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বালির হাওর এবং বুধিগাঁও হাওর এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি দলের সহযোগিতায় সেখানে টাস্কফোর্স ও মোবাইল কোর্টের ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানকালে বালু উত্তোলনের অপরাধে হাতেনাতে ৩ জনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ৪টি লিস্টার মেশিন ঘটনাস্থলেই ভেঙে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়।

অভিযান শেষে স্থানীয় জনসাধারণ ও অংশীজনদের নিয়ে পরিবেশ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলনের কুফল সম্পর্কে একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মন্ডল বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনের অবস্থান সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’। নদী ও পরিবেশ ধ্বংসকারী চক্র যত প্রভাবশালীই হোক, তাদের কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন জানান, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই কাউকে অবৈধ উপায়ে বালু বা মাটি তুলতে দেওয়া হবে না।

 

সম্পর্কিত সংবাদ