মৌলভীবাজার

বড়লেখায় মাধব ছড়ায় কীটনাশক দিয়ে মাছ ধরার অভিযোগ

বড়লেখা প্রতিনিধি
বড়লেখা প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ · রাত ৮:৩৬ · ১৭৩ ভিউ

মৌলভীবাজারের বড়লেখায় মাধব ছড়ায় (গাঙ্গে) ক্ষতিকর কীটনাশকজাতীয় রাসায়নিক প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এতে পুঁটি, টেংরা, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ, পোনা, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ছড়ার পানির প্রবাহের সঙ্গে দেশের অন্যতম বৃহৎ হাওর হাকালুকির জীববৈচিত্র্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা মাধব ছড়ায় গিয়ে পানিতে বেশ কিছু মরা মাছ ভেসে থাকতে দেখেন বলে জানিয়েছেন। পরে বিষয়টির প্রতিকার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় ১২ জন বাসিন্দা।

অভিযোগপত্রে বলা হয়, কিছু ব্যক্তি মাধব ছড়ার পানিতে ক্ষতিকর কীটনাশকজাতীয় রাসায়নিক প্রয়োগ করে মাছ শিকার করছেন। অভিযোগকারীদের দাবি, রাসায়নিক প্রয়োগের পর পুঁটি, টেংরা, বোয়ালসহ ছোট-বড় বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়। পরে ছড়ার পানিতে মরা মাছ ভেসে যেতে দেখা গেছে বলেও তাঁরা অভিযোগে উল্লেখ করেন।

স্থানীয় বাসিন্দা হারুন আহমদ, হামিদ আহমদ, মাসুক আহমদ ও রুবেল আহমদ বলেন, ছড়ায় রাসায়নিক প্রয়োগের পর মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। তাঁদের ভাষ্য, মাধব গাঙ্গ (ছড়া) স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ও কৃষিকাজের পাশাপাশি প্রাকৃতিক মৎস্যসম্পদেরও গুরুত্বপূর্ণ উৎস।

তাঁরা আরও বলেন, ছড়ায় বিষাক্ত রাসায়নিক প্রয়োগ করে মাছ ধরার ফলে মাছের পাশাপাশি ব্যাঙ, সাপ, কাঁকড়া ও বিভিন্ন ক্ষুদ্র জলজ প্রাণীর ক্ষতি হতে পারে। এতে পানির স্বাভাবিক জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ওই পানি ব্যবহারের ফলে গবাদিপশুর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলেও তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।

অভিযোগকারীদের দাবি, মাধব ছড়ার পানি প্রবাহিত হয়ে হাকালুকি হাওরের পানিতে গিয়ে মিশেছে। ফলে ছড়ায় ব্যবহৃত রাসায়নিক পানির সঙ্গে হাওরে পৌঁছালে সেখানকার মাছ, পোনা ও অন্যান্য জলজ প্রাণীর ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে। তাঁদের মতে, ছড়ায় রাসায়নিক প্রয়োগ করে মাছ শিকার শুধু স্থানীয় জলজ সম্পদের জন্যই ক্ষতিকর নয়, এর প্রভাব বৃহত্তর জলাভূমি ও হাকালুকি হাওরের জীববৈচিত্র্যের ওপরও পড়তে পারে।

এ ঘটনায় সরেজমিন তদন্ত করে রাসায়নিক প্রয়োগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

অভিযোগপত্রে দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রসিদ, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ফাত্তাহ, হাজী মনির উদ্দিন ও হামিদ আহমদসহ স্থানীয় ১২ জন বাসিন্দা স্বাক্ষর করেছেন।

এ বিষয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব বলেন, এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তের জন্য উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল বলেন, আমি বর্তমানে ছুটিতে আছি। কর্মস্থলে ফিরে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন জমা দেব।

সম্পর্কিত সংবাদ