সিলেট

ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগে উত্তপ্ত কোম্পানীগঞ্জ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রতিবেদক · রবিবার, ৯ আগস্ট ২০২৬ · রাত ১০:৩৯ · ২২৯ ভিউ

সিলেটের কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা সমাজসেবা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বঞ্চিত প্রার্থী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ড কর্মসূচির শুমারি কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে স্বচ্ছতা এবং যথাযথ নিয়মনীতি অনুসরণ করা হয়নি। যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অনিয়মের মাধ্যমে নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তারা।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড বিএনপির একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি। নিম্নআয়ের ও সাধারণ মানুষের কাছে এ কর্মসূচির সুফল পৌঁছে দিতে হলে শুমারি কার্যক্রম থেকে শুরু করে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

সমাবেশ থেকে কোম্পানীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে বিতর্কিত নিয়োগ আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাতিল এবং সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদকে অপসারণের দাবি জানান বিক্ষোভকারীরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সম্পর্কিত সংবাদ