সুনামগঞ্জ

জগন্নাথপুরে মৎস্য খামারের পাহারাদারের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক · রবিবার, ৯ আগস্ট ২০২৬ · রাত ৮:৫০ · ১৪২ ভিউ

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফজলু মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ দীঘলবাক (কালাইঞ্জুরা) এলাকার একটি মৎস্য খামারে পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৯ আগস্ট) সকালে দক্ষিণ দীঘলবাক এলাকার একটি মৎস্য খামারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফজলু মিয়া উপজেলার বুরাইয়া গ্রামের মৃত খনু খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলু মিয়া দক্ষিণ দীঘলবাক গ্রামের আল আমিন (লিটন) এর মৎস্য খামারে পাহারাদার হিসেবে কাজ করতেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে খামারের পশ্চিম পাশে পাহারাদারের ঘরের সামনে দাওরাই-বেগমগঞ্জ সড়কের পাশে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

আশারকান্দি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান খান জানান, রাতে সড়কের পাশে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি স্থানীয় ফাঁড়ি ও জগন্নাথপুর থানা পুলিশকে বিষয়টি জানান। পরে সকালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সম্পর্কিত সংবাদ