সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দুর্নীতি ও আর্থিক লেনদেনের গুরুতর অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।
শনিবার (৮ আগস্ট) রাত ৮টায় উপজেলার হরিপুর বাজারে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্ষুব্ধ ছাত্র-জনতা অবিলম্বে প্রকাশিত বিতর্কিত ফলাফল বাতিল, পুনরায় নিয়োগ পরীক্ষা গ্রহণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের অপসারণ দাবি জানান।
সমাবেশে বক্তব্য প্রদানকালে সিলেট জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট নিজাম আহমদ বলেন, “সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়েছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত নিয়োগের ফলাফল বাতিলের দাবি জানাচ্ছি। তা না হলে ইউএনও কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
নিয়োগ প্রত্যাশীদের অভিযোগ, যোগ্যতা ও স্বচ্ছতার তোয়াক্কা না করে আর্থিক লেনদেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে অযোগ্যদের বাছাই করা হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তালিকা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে চাইলে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় সব অভিযোগ অস্বীকার করে বলেন, “সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে মেধা ও যোগ্যতার মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে, কোনো জালিয়াতি বা অনিয়ম হয়নি। দলীয় বিবেচনা (কে আওয়ামী লীগ বা কে বিএনপি) না করে যোগ্যদের নির্বাচিত করা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের পূর্বে সমস্ত তথ্য যাচাইয়ের জন্য তালিকা পুলিশ ভেরিফিকেশনে পাঠানো হয়েছে।”
