বিশেষ প্রতিবেদন

সিলেটের সাবেক মন্ত্রী-এমপিরা এখন কে কোথায়? কারাগারে, জামিনে নাকি বিদেশে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ · রাত ৯:২৩ · ১৭৩ ভিউ

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পেরিয়ে গেছে। জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী নেতাদের অনেকেই দেশ ছেড়েছেন, কেউ কেউ দেশে অবস্থান করছেন, আবার কয়েকজন বিভিন্ন মামলায় কারাবন্দি কিংবা জামিনে রয়েছেন।

সিলেট অঞ্চলের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সিটি মেয়রদের বর্তমান অবস্থান নিয়েও নানা আলোচনা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক সূত্র, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং প্রকাশ্যে পাওয়া তথ্য অনুযায়ী তাদের অবস্থান সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে তা হলো—

সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দীর্ঘদিন প্রকাশ্যে না থাকার পর বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে মাঝে-মধ্যে সক্রিয় দেখা যায়।

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে। সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও যুক্তরাজ্যে রয়েছেন।

সিলেট-৬ আসনের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিষয়ে নির্ভরযোগ্যভাবে বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি দেশে অবস্থান করছেন বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে।

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও আল ইসলাহ নেতা মাওলানা মোহাম্মদ হুসামুদ্দীন চৌধুরী দেশে অবস্থান করলেও রাজনৈতিক কর্মকাণ্ডে তুলনামূলকভাবে নীরব রয়েছেন।

এদিকে, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার, সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির, মৌলভীবাজারের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব ড. মোহাম্মদ সাদিক যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল দেশের বাইরে অবস্থান করছেন এবং দলীয় কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ, মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এবং সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বিভিন্ন মামলায় কারাবন্দি রয়েছেন।

সুনামগঞ্জ-৩ আসনের সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তারের পর বর্তমানে আদালতের জামিনে নিজ এলাকায় অবস্থান করে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। একইভাবে সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকও কারামুক্ত হয়ে জামিনে রয়েছেন।

এদিকে, সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং দিরাই-শাল্লা আসনের সাবেক সংসদ সদস্য জয়া সেনগুপ্তা দেশের ভেতরেই অবস্থান করছেন বলে জানা গেলেও তাদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ