সিলেট

বিবৃতি

‘দেশবিরোধী চক্রের টার্গেটে সিলেটের শীর্ষ ছাত্রদল নেতারা’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ · রাত ২:২০ · ২৪২ ভিউ

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচারের মাধ্যমে চরিত্র হননের অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বুধবার (৬ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি দেশবিরোধী কুচক্রী মহল পরিকল্পিতভাবে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শীর্ষ নেতাদের লক্ষ্য করে সাইবার অপপ্রচার চালাচ্ছে। এই ধরণের ভিত্তিহীন সংবাদ প্রচারের মূল উদ্দেশ্য হলো জাতীয়তাবাদী ছাত্রদলের ইমেজ ক্ষুণ্ণ করা এবং চলমান স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করা।

নেতৃবৃন্দ উল্লেখ করেন, যখন সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে শিক্ষার্থীবান্ধব কর্মসূচি পালন করে যাচ্ছে, ঠিক তখনই একটি চিহ্নিত চক্র ঈর্ষান্বিত হয়ে এই অপতৎপরতায় লিপ্ত হয়েছে। তারা মূলত সমাজের সর্বসাধারণের কাছে ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দকে হেয় প্রতিপন্ন করতে চায়।

যৌথ বিবৃতিতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান— সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমেদ জুবের, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এবং মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।

বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে এসব অপকর্ম ও সাইবার সন্ত্রাসের সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে তারা দেশবিরোধী চক্রের ছড়ানো কোনো ধরণের ভুয়া ও মনগড়া সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি বিনীত অনুরোধ জানান।

সিলেট জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ষড়যন্ত্রকারীদের কোনো অপপ্রচারে ছাত্রদলের সাংগঠনিক অগ্রযাত্রা এবং শিক্ষার্থীদের অধিকার রক্ষার আন্দোলন দমানো যাবে না।

সম্পর্কিত সংবাদ