একুশে বাংলা

চোরের আঙুল কামড়ে অর্ধেক রেখে দিলেন গৃহবধূ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বুধবার, ৫ আগস্ট ২০২৬ · রাত ১০:০১ · ১৭৬ ভিউ

ঝালকাঠির রাজাপুরে চুরি করার উদ্দেশ্যে একদল চোর গৃহবধূর ঘরে প্রবেশ করলে গৃহবধূ টের পেয়ে যান। অতঃপর একজন চোরকে ঝাপটে ধরে তার হাতের আঙুল কামড়ে ধরেন গৃহবধূ।

তার চেঁচামেচিতে পাশের বাড়ির লোকজন এসে পড়লে গৃহবধুর কবল থেকে চোরের দল ওই চোরকে ছাড়িয়ে নিলেও তার আঙ্গুল কামড়ে ধরে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন ঐ গৃহবধূ।

পরে আঙুল রেখেই পালিয়ে যায় ওই চোর।পালানোর সময় দুটি মোবাইল ফোনও নিয়ে যায় চোরের দল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ী ইউনিয়নের ডহর শংকর গ্রামে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানায়, গভীর রাতে সংঘবদ্ধ চোরের একটি দল গোপনে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে। এ সময় শব্দ পেয়ে ঘুম ভেঙে গেলে গৃহবধূ চোরদের উপস্থিতি টের পান।

তিনি সাহসিকতার সঙ্গে এক চোরকে জাপটে ধরেন এবং ধস্তাধস্তির সময় তার আঙুল কামড়ে ধরে আটকে রাখার চেষ্টা করেন।গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই চোরের অন্য সহযোগীরা এগিয়ে এসে তাকে ছাড়িয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পালানোর সময় তারা ঘরে থাকা দুটি দামি মোবাইল ফোন নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাতের নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের টহল আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস বলেন,অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত সংবাদ