খেলাধুলা

পার্থে ডাক্তার দেখিয়ে দেশে ফিরলেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ৫ আগস্ট ২০২৬ · রাত ২:৫৪ · ১৬০ ভিউ

চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা শেষে অস্ট্রেলিয়ার পার্থ থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের তরুণ গতিদানব নাহিদ রানা। তবে অস্ট্রেলিয়ায় করানো তার স্ক্যান রিপোর্ট ও চিকিৎসকের বিস্তারিত পরামর্শের তথ্য এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাতে এসে পৌঁছায়নি।

বেশ কিছুদিন ধরে সাইড স্ট্রেইন ইনজুরিতে ভোগার পাশাপাশি মূলত শিনবোনে (পায়ের হাড়) তীব্র ব্যথা অনুভব করছিলেন নাহিদ রানা। ব্যথার মূল কারণ চিহ্নিত করতে তাকে পার্থের প্রখ্যাত স্পোর্টস অর্থোপেডিক সার্জন ডা. ড্রর মাওর-এর কাছে পাঠায় বিসিবি মেডিকেল বিভাগ।

বিসিবি সূত্রের খবর, দ্রুতই রানার স্ক্যান রিপোর্ট হাতে পাওয়া যাবে এবং এর ভিত্তিতেই তার পুনর্বাসনের পরবর্তী রূপরেখা তৈরি করা হবে।

অন্যদিকে, রানার সঙ্গেই একই সময়ে একই চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন জাতীয় দলের আরেক অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। দীর্ঘদিন ধরে ভোগানো কাঁধের সমস্যা ও গোড়ালির হাড় বেড়ে যাওয়ার প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনিও দেশে ফিরেছেন।

দেশে ফিরেই আজ থেকে জাতীয় দলের নির্ধারিত ফিটনেস ও অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন এই ডানহাতি পেসার।

সম্পর্কিত সংবাদ