সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিড়ি কিনে দেওয়ার অজুহাতে ডেকে নিয়ে ১২ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আলাল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে দোয়ারাবাজার থানা পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের জালালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত আলাল ওই গ্রামের ইসলাম খার ছেলে। সে এবং ভুক্তভোগী শিশু একে অপরের প্রতিবেশী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় অভিযুক্ত আলাল প্রতিবেশী শিশুটিকে বিড়ি আনার জন্য ৫০ টাকা দেয়। শিশুটি দোকান থেকে বিড়ি কিনে এনে বাকি টাকা ফেরত দিতে গেলে আলাল চতুরতার সঙ্গে টাকাগুলো শিশুর পকেটে গুঁজে দেয়। এরপর শিশুটিকে কৌশলে কোলে তুলে নিয়ে বাড়ির পেছনের একটি নির্জন ঝোপের ভেতরে নিয়ে গিয়ে জোড়পূর্বক বলাৎকার করে। শিশুটি চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসার চেষ্টা করে। পরিস্থিতি টের পেয়ে আলাল শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মো. আবুল কাসেম রাতে বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত আলালকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, শিশুর বাবার এজাহারের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্ত আলালকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
