সুনামগঞ্জ

টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ, ৬ হাউজবোটকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ · রাত ১০:৪৫ · ১৯১ ভিউ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ও রামসার সাইটের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ এবং পরিবেশ দূষণের অভিযোগে ৬টি হাউজবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ আগস্ট) পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৫ ধারা লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের দায়ে ৬টি পৃথক মামলায় ৬টি হাউজবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে সার্বিক সহযোগিতা করে তাহিরপুর থানা পুলিশ।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে হাউজবোট পরিচালনাকারী, পর্যটক এবং সংশ্লিষ্টদের মধ্যে পরিবেশ সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় ভ্রমণের ক্ষেত্রে বিদ্যমান বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানানো হয়।

পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, “টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ রামসার সাইট ও প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। এখানকার জীববৈচিত্র্য, জলজ সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সংরক্ষিত এলাকায় কোনো ধরনের পরিবেশবিধ্বংসী কার্যক্রম বা অবৈধ প্রবেশের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

তিনি পরিবেশ সংরক্ষণে সকল পর্যটক, হাউজবোট মালিক ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ