সিলেট

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · শনিবার, ১ আগস্ট ২০২৬ · রাত ৯:৫৭ · ১৭০ ভিউ

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সিলেটে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বাদ আসর নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সমাবেশ শেষে একটি গণমিছিল কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং দেশকে শান্তি, ন্যায়বিচার ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও জনগণ প্রত্যাশিত পরিবর্তন দেখতে পাচ্ছে না।

তিনি আরও বলেন, রাষ্ট্রব্যবস্থার সংস্কার, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকরের প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান তিনি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করা হয়েছিল, ক্ষমতায় গিয়ে তা থেকে সরে আসা হয়েছে বলে তাদের অভিযোগ।

প্রধান অতিথি আরও বলেন, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর দীর্ঘদিন দমন-পীড়ন চালানো হয়েছে। তবে দলটি ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি বলেও তিনি দাবি করেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

এছাড়া বক্তব্য দেন মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এবং কোতোয়ালী পূর্ব থানা আমির রফিকুল ইসলাম মজুমদার।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোতোয়ালী পশ্চিম থানা আমির মাওলানা আজিজুল ইসলাম।

সম্পর্কিত সংবাদ