সিলেট

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ · রাত ১১:৫৮ · ২০৪ ভিউ

সিলেটের গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১০ বছর বয়সী শিশু সোহাদ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছে। বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সোহাদ গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ এলাকার নয়া মসজিদ গ্রামের বাসিন্দা রেজাউল করিম রেহানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে কোচিং শেষে বাড়ি ফেরার সময় হেতিমগঞ্জ নয়া মসজিদ এলাকায় সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিল সোহাদ। এ সময় সিলেট-ল-১২-১৪০২ নম্বরের একটি এফজেডএস মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে গিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে টানা পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তার মৃত্যু হয়।

ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান দুলাল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার বাদ যোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে সোহাদকে দাফন করা হয়েছে।

শিশু সোহাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া গতির যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সম্পর্কিত সংবাদ