সিলেট

কানাইঘাটে এনসিপির জুলাই জাগরণ পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ · রাত ১০:৩১ · ১৬৩ ভিউ

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সিলেটের কানাইঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ‘জুলাই জাগরণ’ পদযাত্রা ও পথসভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও গোলাপগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনার কারণে কর্মসূচি বিলম্বিত হয়। পরে সন্ধ্যা ৭টায় কানাইঘাট উত্তর বাজারে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জের ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ে কেন্দ্রীয় নেতাদের সড়কপথে কানাইঘাটে নিয়ে আসা হয়। কর্মসূচিকে কেন্দ্র করে পৌর শহর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম।

উপজেলা এনসিপির আহ্বায়ক সৈয়দ শরিফ উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাঠোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এছাড়া সিলেট জেলা, মহানগর ও কানাইঘাট উপজেলা এনসিপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য দেন।

বক্তারা বলেন, জুলাইয়ের চেতনা ও শক্তিকে ঐক্যবদ্ধ করতে এনসিপি দেশব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি পালন করছে। তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে তাদের পদযাত্রা ও পথসভায় হামলা হয়েছে এবং এসব ঘটনায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত। গোলাপগঞ্জ ও হবিগঞ্জের ঘটনার উল্লেখ করে তারা অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

এছাড়া বিএনপির বিরুদ্ধে গণতন্ত্র, বাকস্বাধীনতা, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ তুলে বক্তারা বলেন, এসব কর্মকাণ্ড বন্ধ না হলে সারাদেশে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তবে বিএনপির বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে দলটির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সভার শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে সহযোগিতা করায় কানাইঘাটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান কেন্দ্রীয় নেতারা।

এ সময় আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে জেলা সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন ইউসুফের নামও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সম্পর্কিত সংবাদ