সিলেট

সিলেটে নিজ বাসা থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · বুধবার, ২৯ জুলাই ২০২৬ · রাত ৯:১৯ · ১৯২ ভিউ

সিলেট নগরীর বাগবাড়ি এলাকার একটি বাসার থেকে উদ্ধার করা হয়েছে এক পুলিশ সদস্যের মরদেহ। মঙ্গলবার (২৮ জুলাই) মধ্যরাত সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় বসত ঘরের মেঝে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মনোজ কান্তি দাস (৫৫) সুনামগঞ্জের শাল্লা নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে এবং নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকার ২৫৯ নম্বর বাসায় শশুর-শাশুড়ি ও ছেলে-মেয়ের সাথে বসবাস করতেন।

পুলিশ জানায়, সোমবার (২৭ জুলাই) প্রতিদিনের মতো ডিউটি শেষ করে পুলিশ সদস্য মনোজ রাতে বাসায় ফেরেন। শশুর-শাশুড়ি ও ছেলে-মেয়ের সাথে রাতের খাবার শেষ করে তিনি তার ঘরে যান। পরদিন মঙ্গলবার (২৮ জুলাই) সারাদিন তার কোনো নড়া-চড়া না পেয়ে রাতে স্থানীয়রা কোতোয়ালি থানা পুলিশকে খবর দেন। পরে রাত ১২টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনাস্থলে গিলে দরজা ভেঙে ঘরের মেঝেতে মনোজ কান্তির মরদেহ দেখতে পান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, দীর্ঘদিন থেকে মনোজ কান্তি দাস সিলেট মেট্টোপলিটন পুলিশ ও জেলা পুলিশে কর্মরত ছিলেন। ১ আগস্ট থেকে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল পুলিশ সদস্য মনোজ কান্তি দাসের। এর আগে গত বছর তাঁর স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে মনোজ কান্তি দাস ছেলে-মেয়েসহ নগরীর বাগবাড়ি নরসিংটিলা এলাকার ২৫৯ নম্বর বাসায় শশুর-শাশুড়ির সাথে বসবাস করতেন।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে মনোজ কান্তি দাসের মরদেহ উদ্ধার করা হয়। তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। এতে ধারণা করা হচ্ছে মনোজ কান্তি দাস ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যেতে পারেন।
এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

সম্পর্কিত সংবাদ