সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ৩২ ঘণ্টার এক বিশেষ অভিযানে ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ৩২ ঘণ্টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আওতাধীন ছয়টি থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
একই সময়ে ট্রাফিক আইন লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭২টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগরীর জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে পুলিশের এই বিশেষ কার্যক্রম পরিচালিত হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৯২ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি, মাদকসেবী, মাদক কারবারি, চোরাকারবারি এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। অভিযান চলাকালে বিভিন্ন থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
পাশাপাশি ট্রাফিক পুলিশের অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে ১৩৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭২টি যানবাহন জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
অতিরিক্ত উপ-কমিশনার মো. মনজুরুল আলম বলেন, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযান সফল করতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
