সিলেট

জৈন্তাপুরে শিশু ধর্ষণচেষ্টা: ৪৮ ঘণ্টার মধ্যে চন্ডিপুল থেকে র‍্যাবের হাতে আসামি গ্রেফতার

জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি
প্রতিবেদক · সোমবার, ২৭ জুলাই ২০২৬ · সন্ধ্যা ৬:০২ · ১৯৯ ভিউ

সিলেটের জৈন্তাপুরে ষষ্ঠ শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামি জসিম উদ্দিন (৩৫)-কে ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানাধীন চন্ডিপুল গোলচত্বর এলাকায় এক অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার হওয়া জসিম উদ্দিন জৈন্তাপুর উপজেলার ছৈলাখেল গ্রামের মৃত আব্দুল মালিক বলনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শিশুর মা পানি আনতে বাইরে যান। এ সময় দুই মেয়েকে ঘরে রেখে গিয়েছিলেন তিনি। সেই সুযোগে পূর্বপরিচিত জসিম উদ্দিন বাড়িতে গিয়ে বড় মেয়েকে তার মাকে ডেকে আনতে বাইরে পাঠিয়ে দেয়। এরপর ঘরে একা থাকা ষষ্ঠ শ্রেণির ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় এবং অশালীন আচরণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামি জসিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা মরিয়ম বেগম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেফতারে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুল এলাকায় অভিযান চালিয়ে পলাতক জসিমকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

এ বিষয়ে র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, “শিশু ধর্ষণচেষ্টার মতো জঘন্য অপরাধে জড়িত আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে র‍্যাব-৯ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সম্পর্কিত সংবাদ