সিলেট

ভোটার পরিচয় পাল্টেও শেষ রক্ষা হয়নি, ১৪ বছর পর গ্রেপ্তার খুনি

গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাট প্রতিনিধি
প্রতিবেদক · বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ · রাত ৯:০২ · ১৭১ ভিউ

সিলেটের জৈন্তাপুরে বিশেষ অভিযানে ১৪ বছর ধরে নাম-পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে থাকা এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে গোয়াইনঘাট উপজেলার হরুখেল এলাকার খাটারীগাংয়ে পাথর শ্রমিক আব্দুল জলিলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় ২২ ফেব্রুয়ারি ২০১২ তারিখে (মামলা নং-১৭, জিআর-৪১) দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার এজাহারভুক্ত আসামি জীবন বক্তার, পিতা অনীল বক্তার, গ্রামের বাড়ি বাঘছড়া চা বাগান, জৈন্তাপুর, সিলেট (অস্থায়ী ঠিকানা: সংগ্রাম পুঞ্জি, জৈন্তাপুর)-কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

রায় ঘোষণার পর থেকে গ্রেপ্তার এড়াতে জীবন বক্তার নিজের নাম ও ভোটার তথ্য পরিবর্তন করে ‘মো. আল-আমিন’ নামে পরিচয় দিয়ে বাঘছড়া চা বাগান এলাকায় আত্মগোপনে বসবাস করছিলেন। ভুয়া পরিচয় ব্যবহার করায় দীর্ঘদিন তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২টা ৪০ মিনিটে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল বাঘছড়া চা বাগান এলাকায় অভিযান চালায়। রুদ্ধশ্বাস ওই অভিযানে ছদ্মবেশে আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জীবন বক্তার ওরফে আল-আমিনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।

রেঞ্জ ডিআইজি, সিলেট এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ