সিলেটের জৈন্তাপুরে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাই ভারতীয় জিরা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) বিকেল ৩টা ৩৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার একটি চৌকস দল উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের গর্দানা এলাকার দামরী ব্রিজের উত্তর পাশে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসায়। এসময় সিলেটগামী একটি সন্দেহভাজন পিকআপে তল্লাশি চালিয়ে ৭৮০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২৯ হাজার টাকা। চোরাচালানের অভিযোগে পিকআপ চালক জসীম উদ্দীনকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পূর্ব পাতন গ্রামের সাইদুর রহমানের ছেলে।
একই দিন বিকেল সাড়ে ৫টায় উপজেলার নিজপাট ইউনিয়নের নয়া বাড়ি এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় পুলিশ। জৈন্তাপুর বাজার থেকে ইমরান আহমদ মহিলা কলেজগামী সড়কের পাশে অভিযান চালিয়ে মাদক কারবারি জাহাঙ্গীর আলমকে (৪৬) গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজত থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর উপজেলার জালাল বস্তি এলাকার আব্দুল লতিফের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ভারতীয় জিরা উদ্ধারের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই আসামিকে বৃহস্পতিবার (২৩ জুলাই) যথাযথ পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হবে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
