সিলেট

ফেঞ্চুগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও ২ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ · ৭:৪৪ পিএম · ১৮৭ ভিউ

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি এবং পৃথক অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে ফেঞ্চুগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমানের নির্দেশনায় এসআই দেবজিৎ দাসের নেতৃত্বে এসআই বিজয় প্রসাদ দেবনাথ, এএসআই বাচ্চু মিয়া, এএসআই অমির কান্তি ও এএসআই শফিউল্লাহসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের পিটাইটিকর গ্রামের একাধিক মাদক মামলার আসামি উজ্জল আহমদ (৪২)-এর বাড়ি থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় উজ্জল আহমদ, ছত্তিশ গ্রামের মো. এনামুল হক এবং ইসলামপুর গ্রামের মাহমদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, এসআই কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল গ্রেপ্তারি পরোয়ানা তামিল অভিযানে পিটাইটিকর গ্রামের আল আমীন এবং ছত্তিশ গ্রামের মো. সামাদকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, “মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান নিয়মিত চলবে।”

তিনি অপরাধ দমনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশের কাজে সহযোগিতা করারও আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ