সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আত্মত্যাগের চেতনায় বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হাফিজ এবং উপজেলা জামায়াতের আমির গোলাম কিবরিয়া।
এছাড়া সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী প্রকৌশলী দীপঙ্কর চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, জৈন্তাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় জুলাই আন্দোলনের যোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুল্লাহ শিকদার, মোহাম্মদ নূর উদ্দিন, মাহমুদ হোসাইন এবং জাতীয় ছাত্রশক্তি জৈন্তাপুর উপজেলা শাখার আহ্বায়ক তারেকুর রহমান ইলিয়াস। বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সুনন্দা রায় বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের নতুনভাবে পথ চলার সাহস ও প্রেরণা দিয়েছে। শহীদদের আত্মত্যাগ আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। উন্নয়ন, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করবে।”
তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের যেকোনো সমস্যা সমাধানে আন্তরিকভাবে সহযোগিতা করবে।
