সিলেট

ওসমানী বিমানবন্দর থেকে যুক্তরাজ্য প্রবাসী নারী গ্রেফতার

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · রবিবার, ১২ জুলাই ২০২৬ · ৭:০৮ পিএম · ১৭০ ভিউ

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে যাওয়ার সময় প্রতারণা মামলার এক নারী আসামিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃত মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজার সদর উপজেলার রাউতগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। তিনি যুক্তরাজ্যপ্রবাসী বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ (BG201) ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করতে গেলে তার বিরুদ্ধে আদালতের জারি করা বিদেশযাত্রা নিষেধাজ্ঞার তথ্য শনাক্ত হয়। এরপর ইমিগ্রেশন পুলিশ তার বিদেশযাত্রা স্থগিত করে তাকে আটক করে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাকসুদা চৌধুরী সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি প্রতারণা মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটির পরিপ্রেক্ষিতে আদালত তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

পরে সকাল সাড়ে ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে আটক মাকসুদা চৌধুরীকে মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুসের কাছে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, প্রতারণা মামলার আসামি হওয়ায় আদালতের নির্দেশ অনুযায়ী ওই নারীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। আদালতের আদেশ কার্যকর করতে বিমানবন্দরে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ