সিলেট

কোম্পানীগঞ্জ থানার ওসি পুলিশ লাইনে সংযুক্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক · বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ · ১০:০৫ পিএম · ২৭৯ ভিউ

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) তাকে পুলিশ লাইনে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার।

এর আগে ওসি শফিকুল ইসলাম খানের বিরুদ্ধে কোম্পানীগঞ্জে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সামনে আসে। অভিযোগে বলা হয়, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সামনে ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কে স্থাপিত পুলিশ চেকপোস্টে ট্রাকপ্রতি ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হতো। স্থানীয় পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের দাবি, ইজারাবহির্ভূত স্থান থেকে উত্তোলিত বালু ও পাথর পরিবহনে ব্যবহৃত ট্রাকগুলোকে ওই চেকপোস্টে অর্থ পরিশোধের পর চলাচলের সুযোগ দেওয়া হতো।

এছাড়া সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য ও গরু চোরাচালান, অবৈধ বালু ও পাথর উত্তোলন, পাথর ভাঙার মেশিন, নৌকা ও ট্রলির মাধ্যমে বালু পরিবহনসহ বিভিন্ন খাতে নিয়মিত অর্থ আদায়ের অভিযোগও ওঠে। একই সঙ্গে বিভিন্ন মামলার আসামিদের কাছ থেকে অর্থ বাণিজ্য, জব্দকৃত যানবাহন অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়া এবং তদন্ত কার্যক্রমে অনিয়মের অভিযোগও উত্থাপিত হয়।

অভিযোগগুলোর বিষয়ে ওসি শফিকুল ইসলাম খান পূর্বে সেগুলো অস্বীকার করে বলেছিলেন, পুলিশ চেকপোস্টে নিয়মিত দায়িত্ব পালন করা হয় এবং সেখানে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন বলেও দাবি করেন।

এ বিষয়ে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক পূর্বে জানিয়েছিলেন, অভিযোগের তথ্য-প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে ওসি শফিকুল ইসলাম খানকে পুলিশ লাইনে সংযুক্ত করার কারণ সম্পর্কে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সম্পর্কিত সংবাদ