সিলেট

সিলেটে আবারও বন্যার আভাস, কুশিয়ারা-মনু-ধলাই-খোয়াই নদীর পানি বৃদ্ধি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ · ৭:৫০ পিএম · ১৯১ ভিউ

টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট অঞ্চলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। দেশের অভ্যন্তর এবং ভারতের মেঘালয় ও আসাম অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সিলেট অঞ্চলের প্রধান নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে কুশিয়ারা, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি ৬টি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি) বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টার তথ্যের ভিত্তিতে এ পরিস্থিতির কথা জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এফএফডব্লিউসির তথ্য অনুযায়ী, কুশিয়ারা নদীর সুনামগঞ্জের মারকুলি স্টেশনে পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার, মনু নদীর মনু রেলব্রিজ ও মৌলভীবাজার স্টেশনে ৫৫ সেন্টিমিটার, ধলাই নদীর কমলগঞ্জ স্টেশনে ৩৩ সেন্টিমিটার এবং খোয়াই নদীর হবিগঞ্জের বল্লা স্টেশনে ২২০ সেন্টিমিটার ও হবিগঞ্জ স্টেশনে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ ও শেরপুর স্টেশন এবং সোমেশ্বরী নদীর লরেরগড় স্টেশনে পানি সতর্কসীমায় অবস্থান করছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ২২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ ২৯৮ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ-নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পূর্বাভাস ও সতর্কবার্তা নিয়মিত প্রকাশ করা হবে।

সম্পর্কিত সংবাদ