সিলেট

দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধিতে সিলেট ভ্যাট কমিশনারেটের তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · বুধবার, ৮ জুলাই ২০২৬ · ৮:৪৮ পিএম · ১৭৩ ভিউ

কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে তিন দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণের আয়োজন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।

নগরীর মেন্দিবাগে অবস্থিত কমিশনারেট কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ বুধবার সমাপ্ত হয়। এতে কমিশনারেটের আওতাধীন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন দপ্তর এবং সদর দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে মূল্য সংযোজন কর আইন, ২০১২, মূল্য সংযোজন কর বিধিমালা এবং সদ্য ঘোষিত জাতীয় বাজেটে আনা গুরুত্বপূর্ণ পরিবর্তনসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ও শতভাগ ডিজিটাল মূসক ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশিক্ষণে জানানো হয়, সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মূসক রাজস্ব আদায়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যা কমিশনারেটের কার্যকর প্রশাসনিক দক্ষতা ও রাজস্ব ব্যবস্থাপনার ইতিবাচক ফলাফল।

এ বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হক বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন এবং যুগোপযোগী জ্ঞান অর্জনে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে সম্মানিত ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের প্রতিনিধিসহ সকল করদাতার অংশগ্রহণে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে।”

সম্পর্কিত সংবাদ