মীর শোয়েব, জৈন্তাপুর
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মানবপাচার চক্রের তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, প্রতিরাতে সীমান্তবর্তী বিভিন্ন রুট ব্যবহার করে প্রায় ৩০ থেকে ৩৫ জন মানুষকে অবৈধভাবে পাচার করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, প্রতিটি ব্যক্তির কাছ থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত আদায় করে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট এই পাচার কার্যক্রম পরিচালনা করছে। পাচারের শিকারদের মধ্যে নারী, পুরুষ ও তরুণদের সংখ্যাই বেশি। সম্প্রতি পাচারের অপেক্ষায় থাকা কয়েকজন নারীর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, নলজুরি, আমস্বপ্ন, খাসিহাওড়, গোয়াবাড়ি ও ডিবির হাওর এলাকা দিয়ে নিয়মিতভাবে এসব পাচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্তঘেঁষা হওয়ায় পাচারকারীরা সহজেই এসব রুট ব্যবহার করছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী, এই মানবপাচার চক্রের সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম উঠে এসেছে তারা হলেন— সাদ্দাম, মশারফ, আলাউদ্দিন, শাহাবুদ্দিন, ফয়ছাল, মুনছুর, ময়নুল, আজিদ, নির্মল, রহমান, আব্দুল্লাহ, তাজেল, শাকিল ও সুমন।
এ বিষয়ে জৈন্তাপুর থানার ওসি (তদন্ত) ওসমান গনি জানান, মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশ কাজ করছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সক্রিয় এই চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। প্রতিদিন রাতেই সীমান্ত এলাকায় সন্দেহজনক চলাচল লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
সচেতন মহলের মতে, মানবপাচারের মতো গুরুতর অপরাধ প্রতিরোধে দ্রুত তদন্ত, সীমান্তে নজরদারি জোরদার এবং জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।
Leave a Reply