কোম্পানীগঞ্জে পাথর লুট চক্রের তাণ্ডব, পুলিশের ওপর হামলা

কোম্পানীগঞ্জে পাথর লুট চক্রের তাণ্ডব, পুলিশের ওপর হামলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহআরেফীন টিলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাথর লুটপাটে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা চালিয়েছে একদল পাথরখেকো। এ সময় তারা পুলিশের হাতে আটক হওয়া একটি ট্রাক্টর ছিনিয়ে নিয়ে যায়। এই ন্যাক্কারজনক ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ভোলাগঞ্জ-পাড়ুয়া মহাসড়কের তিনতালা এলাকায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং ছিনতাই হওয়া ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহআরেফীন টিলায় দীর্ঘদিন ধরে কয়েকটি প্রভাবশালী চক্র অবৈধভাবে পাথর লুটপাট চালিয়ে আসছে। সম্প্রতি দিনের আলোতেই পাথরবোঝাই ট্রাক্টর চলাচল শুরু করলে পুলিশি তৎপরতা জোরদার করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশের একটি টহল দল অবৈধ পাথরবোঝাই একটি ট্রাক্টর আটক করলে পাড়ুয়া লামাপাড়া গ্রামের হুমায়ুনের নেতৃত্বে একদল সন্ত্রাসী পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, উশৃঙ্খল পাথরখেকোদের হামলার মুখে পড়ে পুলিশ সদস্য নিউটন দাশ প্রাণ রক্ষার্থে দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। আইন-শৃঙ্খালা রক্ষাকারী বাহিনীর ওপর এমন নগ্ন হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

এই ঘটনার পর কোম্পানীগঞ্জ থানার এসআই সিকান্দার বাদী হয়ে সন্ত্রাসী হুমায়ুনকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযানে নামে পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) এসআই কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পাড়ুয়া এলাকায় অভিযান চালিয়ে ছিনিয়ে নেওয়া সেই ট্রাক্টরটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকারি সম্পদ লুটপাট এবং পুলিশের ওপর হামলাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা ইতিমধ্যে ট্রাক্টরটি উদ্ধার করেছি। প্রধান আসামিসহ ঘটনার সাথে জড়িত প্রত্যেককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের খুব দ্রুতই আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, শাহআরেফীন টিলায় পাথর লুটপাটের এই চক্রটি দীর্ঘদিন ধরে বেপরোয়া হয়ে উঠলেও পুলিশের ওপর এমন সরাসরি হামলার ঘটনা এলাকাটিকে পুনরায় অস্থির করে তুলেছে। জনমনে প্রশ্ন উঠেছে, পাথরখেকোদের খুঁটির জোর কোথায়? অবিলম্বে মূলহোতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff