জকিগঞ্জে নিখোঁজ লন্ডন প্রবাসীর পোড়া লাশ উদ্ধার

জকিগঞ্জে নিখোঁজ লন্ডন প্রবাসীর পোড়া লাশ উদ্ধার

একুশে সিলেট ডেস্ক

সিলেটের জকিগঞ্জ উপজেলার একটি হাওর থেকে নিখোঁজ এক যুক্তরাজ্য প্রবাসীর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম বুরহান উদ্দিন (৫৯)। তিনি গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের কিংবা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

নিহত বুরহান উদ্দিন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা। তিনি সিলেট নগরের আম্বরখানা এলাকায় একটি ভাড়া বাসায় সপরিবারে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি সিলেটের বিমানবন্দর থানা এলাকা থেকে নিখোঁজ হন বুরহান উদ্দিন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। নিখোঁজের চারদিন পর গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোণাবন্দ হাওরে একটি পোড়া মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারের সময় মরদেহের শরীরের অধিকাংশ অংশ আগুনে পোড়া ছিল। তার একটি পা দড়ি দিয়ে এবং গলা কাপড় দিয়ে বাঁধা ছিল। লাশের পাশেই পড়ে ছিল একটি লবণের প্যাকেট। নিষ্ঠুরভাবে হত্যার পর আলামত নষ্ট করতেই খুনিরা লাশটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিলাম। বুধবার প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনও মামলা হয়নি।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে থানা পুলিশের পাশাপাশি পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff