মহিষ ছিনতাইকালে ধরা পড়ে পদ হারালেন সিলেট স্বেচ্ছাসেবকদল নেতা টিটন মল্লিক

মহিষ ছিনতাইকালে ধরা পড়ে পদ হারালেন সিলেট স্বেচ্ছাসেবকদল নেতা টিটন মল্লিক

একুশে সিলেট ডেস্ক

সিলেটের ওসমানীনগরে ডিবি পুলিশ পরিচয়ে মহিষ বোঝাই পিকআপ ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতার হাতে ধরা পড়েছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিক। গণপিটুনির শিকার হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই ন্যাক্কারজনক ঘটনার জেরে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের তেরমাইল এলাকায় এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মহিষ বোঝাই একটি পিকআপকে (ঢাকা মেট্রো ন-১১-৭০২৩) দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে অনুসরণ করছিল একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-৪১৬০)।

তেরমাইল এলাকায় পৌঁছামাত্র মাইক্রোবাসটি পিকআপের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে নেমে আসা ব্যক্তিরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পিকআপ চালককে বেধড়ক মারধর শুরু করে এবং গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা চালায়। বিষয়টি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা এগিয়ে এসে তাদের ঘেরাও করেন। জনতার উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও টিটন মল্লিক ও আব্দুর রশিদ নামে দুইজনকে স্থানীয়রা ধরে ফেলেন।

এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিলে তারা মহিষ ছিনতাইয়ের চেষ্টার কথা স্বীকার করেন। ওই সময় টিটন মল্লিক নিজেকে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে বাঁচার চেষ্টা করেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুইজনকে আটক করে এবং ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস ও মহিষের পিকআপটি থানায় নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ আটককৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করে। বর্তমানে গণপিটুনিতে আহত দুইজনকে পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর অবস্থানে গেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্তে টিটন মল্লিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক টিটন মল্লিককে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে দলের নেতাকর্মীদের তাঁর সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.




© All rights reserved ©ekusheysylhet.com
Design BY DHAKA-HOST-BD
weeefff