সিলেট

গোয়াইনঘাটে রাতের আঁধারে খাসিয়া সম্প্রদায়ের কোটি টাকার পান গাছ কর্তন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রতিবেদক · মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ · ৭:০১ পিএম

গোয়াইনঘাট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্প সংলগ্ন লামাপুঞ্জির হেডম্যানের পানজুমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে দুর্বৃত্তরা। গভীর রাতে খাসিয়া সম্প্রদায়ের দুটি জুমে ঢুকে কেটে ফেলা হয়েছে প্রায় ২ হাজার পান গাছ, যার বাজারমূল্য প্রায় কোটি টাকা বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

ক্ষতিগ্রস্থ খাসিয়ারা জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ে নিজেদের ঐতিহ্যবাহী উপায়ে পান ও সুপারি চাষ করে জীবিকা নির্বাহ করছেন তারা। লামাপুঞ্জির হেডম্যানের নেতৃত্বে দুইটি জুমে কয়েকজন পরিবার মিলে এসব গাছ পরিচর্যা করতেন। কিন্তু দুর্বৃত্তরা অতর্কিতে পানজুমে হানা দিয়ে রাতের আঁধারে কেটে ফেলে পুরো বাগান।
এ ঘটনায় শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, সামাজিক ও সাংস্কৃতিকভাবেও চরম আঘাত পেয়েছে খাসিয়া সম্প্রদায়।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, এটি একটি পূর্বপরিকল্পিত হামলা এবং তাদের বসতি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্রের অংশ হতে পারে। তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

খাসিয়া সম্প্রদায়ের নেতারা অবিলম্বে ঘটনার তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলছেন, বারবার এ ধরনের ঘটনা ঘটলেও অধিকাংশ সময় দায়ীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।

তবে স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে খাসিয়াদের মধ্যে ক্ষোভ ও হতাশা আরও বাড়বে।

এব্যাপারে গোয়াইনঘাট থানার (ওসি) তদন্ত কবির হোসেন জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ