সিলেট

সিলেটে টানা তিন দিন পর হামে ফের শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
একুশে সিলেট · শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ · রাত ৮:০৯ · ১৭৮ ভিউ

সিলেটে টানা তিন দিন কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও ফের হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোম্পানীগঞ্জ উপজেলার এক বছর ১৪ দিন বয়সী শিশু রুবির মৃত্যু হয়।

শনিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য বিভাগের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১২৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ জনে। এর মধ্যে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১২৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৪৪৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৬ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৪ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৫ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, কোম্পানীগঞ্জে ২ জন, বিশ্বনাথে ২ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সিলেট বিভাগে এ পর্যন্ত হাম ও হাম-সদৃশ উপসর্গে মোট ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ১৬৭ জন এবং নিশ্চিত হামে ২৬ জন মারা গেছেন।

সন্দেহজনক হামে মৃত ১৬৭ জনের মধ্যে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ৬৮, হবিগঞ্জে ২৫ এবং মৌলভীবাজারে ১৪ জন রয়েছেন। আর নিশ্চিত হামে মৃত ২৬ জনের মধ্যে সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন রয়েছেন।

জেলাভিত্তিক মোট মৃত্যুর হিসাবে সিলেটে ৮০, সুনামগঞ্জে ৬৯, হবিগঞ্জে ২৯ এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।

সম্পর্কিত সংবাদ