সিলেটের কোম্পানীগঞ্জে বালুভর্তি একটি ট্রাক থেকে ২ হাজার ৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলা গেটের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় থানা পুলিশ।
পুলিশ জানায়, এ সময় বালুভর্তি একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। পরে ট্রাকে থাকা ৭১টি বস্তার ভেতর থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২ হাজার ৪৮১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৮৭ হাজার টাকা।
অভিযানে ঢাকা মেট্রো-ন-১৩-৭৬৩৪ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকের চালক মো. কামরুল ইসলাম (৩০) ও তার সহকারী মো. রুহুল আমিন (৩০)-কে আটক করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, আটক কামরুল ইসলাম নারায়ণগঞ্জ সদর থানার কুতুবপুর (নান্দালপুর) এলাকার মো. কামাল মিয়ার ছেলে। অপর আটক রুহুল আমিন সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বিদেশি মদ ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
