সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের মাছুখালী নদী থেকে আব্দুল ওয়াহিদ (৬৫) নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলেরা নদীতে তার ভাসমান মরদেহ দেখতে পান।
নিহত আব্দুল ওয়াহিদ সাদীপুর ইউনিয়নের খছরুপুর গ্রামের মৃত শমশুর উল্লাহর জ্যেষ্ঠ পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে আব্দুল ওয়াহিদ সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে নিজ নানাবাড়িতে বেড়াতে যান। রাত ৯টা থেকে ১০টার মধ্যে তিনি সেখান থেকে নিখোঁজ হন। স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও রাতভর তার কোনো সন্ধান পাননি।
পরদিন বৃহস্পতিবার দুপুরে মাছুখালী নদীতে স্থানীয় জেলেরা মাছ ধরার সময় পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের জানান। খবর পেয়ে নিহতের মামাতো ভাই আব্দুল হান্নান ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল ওয়াহিদের বলে শনাক্ত করেন। পরবর্তীতে খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনায় শোক প্রকাশ করে নিহতের চাচাতো ভাই এমদাদুর রহমান বলেন, “আব্দুল ওয়াহিদ মানসিকভাবে ভারসাম্যহীন ও অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। খছরুপুর বাজারে মানুষের সঙ্গে আনন্দ-তামাশা করেই তার সময় কাটত। তার এমন আকস্মিক ও করুণ মৃত্যু আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
