আজ ৫ আগস্ট। ২০২৪ সালের এই দিনে পতন ঘটে স্বৈরাচারী সরকারের। বিজয় হয় ছাত্র-জনতার। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার হয়ে আওয়াজ তুলেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে সামাজিক মাধ্যমে তিনি দিনটিকে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ বলে উল্লেখ করেন।
এদিন নিজের ফেসবুকে তিশা গণ অভ্যুত্থানের সৈনিকদের একটি ছবি শেয়ার দেন। ক্যাপশনে লেখেন, ‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট)। সবাইকে দ্বিতীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা…’
তিশা ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি নিয়ে। গায়িকা সায়ান লেখেন, ‘এগিয়ে থাকো বাংলাদেশ। প্রেমে আর বিদ্রোহে! ৩৬শে জুলাইয়ের শুভেচ্ছা সকলকে। সামান্য সাধারণ মানুষেরাও মাঝে মাঝে জিতে যায়।’
অভিনেত্রী মম এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা সাধারণ মানুষ, রাজনীতি বুঝি না—ওখানে দাঁড়িয়েছি শুধু ছাত্রদের ওপর গুলি চলছে দেখে। এই গুলি তো অন্য দেশ থেকে এসে কেউ করেনি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারি এসে আমাদের দেশে গুলি চালিয়েছে—তারা আমাদের শত্রু, ঠিক আছে। কিন্তু আমারই স্বাধীন দেশে ছাত্র-জনতা আর সরকার কীভাবে একজন আরেকজনের শত্রু হয়! এটা কেন হবে? ওই জায়গায় আমি কথা বলেছি। ওই দিন আমাদের মতো হাজার হাজার সাধারণ মানুষ যে রাস্তায় নেমেছে—সবাই আশা করেছে, ভালো কিছু হবে।’
