সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় ৫০জন নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।
রবিবার (২ আগস্ট) বিকেলে জালালাবাদ থানায় এসআই আব্দুল মুকিত বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে ২০০৯(সংশোধনী /২০১৩) এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় মামলাটি দায়ের করেন। জালালাবাদ থানার মামলা নং -০৩।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।’
জানা যায়, শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা বিক্ষোভ মিছিল করা হয়। ওই ঝটিকা মিছিলে আনুমানিক ২০-২৫ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী অংশ নেন। এসময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই,’ ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাপবে,’-সহ নানা স্লোগান দিতে থাকেন।
