গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসা ভাড়া নিয়ে পর্নগ্রাফির অভিযোগে দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পর্নগ্রাফিতে ব্যবহৃত মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, পর্নগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সন্ধ্যার দিকে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত পলাতকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তাররা হলেন গোবিন্দগঞ্জের রাকিবুল হাসান রাকিব (৩০), সুন্দরগঞ্জের মামুন অর রশিদ (৩০), পলাশবাড়ীর মামুনী আক্তার (২৪) ও সাদুল্লাপুর উপজেলার রেজেনা খাতুন সাথী (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তার চারজনসহ চক্রের সদস্যরা দীর্ঘদিন গোবিন্দগঞ্জ পৌর এলাকার হীরকপাড়ায় বাসা ভাড়া নিয়ে পর্ন ভিডিও তৈরি করে আসছিলেন। গোপন সংবাদে শনিবার বিকেলে ওই বাসায় অভিযান চালিয়ে ভিডিওধারণের সরঞ্জামসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।
