সিলেট

জকিগঞ্জে যুবকের বিরুদ্ধে স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢোকার অভিযোগ!

জকিগঞ্জ প্রতিনিধি
জকিগঞ্জ প্রতিনিধি
প্রতিবেদক · বুধবার, ২৯ জুলাই ২০২৬ · রাত ৯:৪৬ · ১৮৫ ভিউ

সিলেটের জকিগঞ্জে এক রিকশাচালকের স্ত্রী ও দুই সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওয়াসিম আকরাম সাহান (২১) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ওয়াসিম আকরাম সাহান জকিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে একই গ্রামের ওই নারীকে বিভিন্নভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তবে প্রতিবারই ওই নারী তা প্রত্যাখ্যান করেন।

থানায় দেওয়া লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে ওয়াসিম আকরাম সাহান বসতঘরে প্রবেশ করে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।

অভিযোগে আরও বলা হয়, একই দিন দুপুর আনুমানিক ২টার দিকে জকিগঞ্জ বাজারের ডাকবাংলো রোডের একটি কম্পিউটারের দোকানে অভিযোগপত্র লিখতে গেলে অভিযুক্ত সেখানে গিয়ে লোহার রড দিয়ে তাকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসা শেষে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর স্বামী আব্দুল বাসিত দাবি করেন, দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে রাস্তাঘাটে উত্যক্ত করা হচ্ছিল। এমনকি সন্তানকে স্কুলে আনা-নেওয়ার সময়ও তাকে বিরক্ত করা হতো। সর্বশেষ ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে তার স্ত্রী অভিযুক্তকে জুতা দিয়ে মারধর করেন বলেও তিনি জানান।

তিনি আরও অভিযোগ করেন, ওয়াসিম আকরাম দীর্ঘদিন ধরে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।

অন্যদিকে অভিযুক্ত ওয়াসিম আকরাম সাহানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি দাবি করেন, পূর্ববিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে অপদস্থ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন মিয়া বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পর্কিত সংবাদ